চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার মরদেহ কুমিল্লায় গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর ভুঁইয়া পাড়া ইদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

মোতালেব হোসেন কুমিল্লার সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামের প্রয়াত আবদুল খালেক ভুঁইয়ার ছেলে। পরিবারে ৮ ভাই ৩ বোনের মধ্যে নিহত মোতালেব সবার ছোট। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

র‌্যাব ১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, দায়িত্বপালনকালে সন্ত্রাসীদের হাতে মোতালেবের এ মৃত্যু সত্যই দুঃখজনক। দেশের জন্য এমন মৃত্যু অনুসরণীয় হয়ে থাকবে। আমরা সবসময় এ পরিবারের পাশে থাকবো।

এর আগে চট্টগ্রামে প্রথম জানাজা শেষে নিহতের স্ত্রী, সন্তান ও পরিবারের লোকজন মরদেহ গ্রহণ করে রাত ৮টার দিকে কুমিল্লায় গ্রামের বাড়িতে নিয়ে আসেন।

এ সময় জানাজায় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল মোজাহিদ হোসেন, কর্নেল নাজমুল হাসান, কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, নারায়ণগঞ্জের র‌্যাব- ১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন, র‌্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম প্রমুখ।