২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর তৎকালীন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সে সময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে লক্ষ্য করে চালানো ওই হামলায় প্রাণ হারান ২৪ জন। আহত হন শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানও।
হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালে বিচারিক আদালত মামলাগুলোর রায় ঘোষণা করে আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।
তবে মামলার আইনি প্রক্রিয়ায় পরে বড় পরিবর্তন আসে। ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে মামলার আসামিদের খালাস দেন।
এরপর রাষ্ট্রপক্ষ ওই খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে। তবে ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর আপিল বিভাগও রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে হাইকোর্টের খালাসের রায় বহাল রাখেন।
তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দেন।
একুশে আগস্টের সেই ভয়াবহ হামলার দুই দশকেরও বেশি সময় পরও ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত ও বেদনাবিধুর অধ্যায় হিসেবে স্মরণ করা হয়।

ডেস্ক রিপোর্ট 

























