জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই কর্মসূচিতে সরকার আওয়ামী লীগকে ‘ইনক্লুসিভ রাজনীতির’ নামে পেছনের দরজা দিয়ে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ সোমবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতের ঢাকা মহানগরী শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন এবং আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিলের প্রসঙ্গ তোলেন।
গোলাম পরওয়ার বলেন, ‘আমার মনে হয় সরকার এখন দিশা হারিয়ে আবোল-তাবোল বলতে শুরু করেছে। তসবির দানা যদি একটা খুলে যায়, তো টপটপ করে পড়তে থাকে। তেমনি বিএনপির তসবিহর দানা খুলছে।’
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগকে আবার রাজনীতির মাঠে জায়গা করে দেয়ার জন্য সরকারের একটি অংশ কাজ করছে। তার ভাষায়, ‘উনারা এখন আওয়ামী লীগকে কী করে একটু ইনক্লুসিভ রাজনীতির মধ্যে রিফাইন করে, পেছনের দরজা দিয়ে আনা যায়, সে ষড়যন্ত্রে দিল্লির সঙ্গে এখন যোগাযোগ রাখছে।’
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচির প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, সরকারের ইঙ্গিত না থাকলে এক দিনে দেশের প্রতিটি জেলায় আওয়ামী লীগ কীভাবে মিছিল করতে পারল, এ নিয়ে প্রশ্ন রয়েছে।
থানার ওসিরা জানে, পুলিশ সুপাররা জানে, ডিসিরা জানে, আপনার ইন্টেলিজেন্স জানে; কারা কারা, কোথায় কোথায় আওয়ামী লীগ করে। রাজধানী ঢাকা সহ সব জায়গায় তারা ঝটিকা বিক্ষোভ মিছিল করল-উল্লেখ করেন তিনি।

ডেস্ক রিপোর্ট 


















