জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এখন ১৬ বছর বয়স থেকে নাগরিকদের তথ্য সংগ্রহ করা হলেও, ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয় বা অষ্টম শ্রেণি থেকেই এই কার্যক্রম শুরু করা যায় কি না, তা নিয়ে পর্যালোচনা চলছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বর্তমানে ১৬ বছর বয়সে তথ্য সংগ্রহ করা হলেও ১৮ বছর পূর্ণ হওয়ার পরই একজন নাগরিক স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হন। নতুন পরিকল্পনার লক্ষ্য হলো নাগরিকদের তথ্য আরও আগে থেকেই সংরক্ষণ করা।
এছাড়া এনআইডি সেবাকে আরও সহজ করতে একাধিক নতুন উদ্যোগ নিয়েছে কমিশন। ভোটার এলাকা পরিবর্তনের আবেদন অনলাইনে করা যাবে, এনআইডি নবায়নের সময় পারিবারিক তথ্য বা ‘ফ্যামিলি ট্রি’ যুক্ত করার সুযোগ থাকবে এবং জন্মতারিখ সংশোধনের ক্ষমতা মাঠপর্যায়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের জন্যও প্রক্রিয়া সহজ করা হচ্ছে। নতুন ব্যবস্থায় বিদেশেই বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর তা সরাসরি এনআইডি সিস্টেমে যুক্ত হবে। পরে দেশে যাচাই শেষে অনুমোদনের কাজ সম্পন্ন করা হবে।
নির্বাচন কমিশনের আশা, এসব পরিবর্তনের ফলে এনআইডি সেবা আরও দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য হবে এবং নাগরিক তথ্য ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে।

ডেস্ক রিপোর্ট 























