বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যারা কলেজের ছাত্র তাদের থেকেই ছাত্র নেতৃত্ব আসবে, এর বাইরে ছাত্ররা অন্য কোনো নেতৃত্ব গ্রহণ করবে না। রোববার দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়া ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ছাত্রদল নেতাদের উদ্দেশে তিনি বলেন, নতুন প্রজন্মের আবেগ-অনুভূতিকে ধারণ করে আপনাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব দিতে হবে। তাদের মনের কথা ও বক্তব্যকে সম্মান দিয়ে ছাত্র সংগঠন করলে ছাত্রদলের নেতৃত্ব আরও উচ্চতায় পৌঁছাবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কলেজের নিয়মিত শিক্ষার্থীরাই ছাত্র নেতৃত্ব দিবে। ছাত্রের বন্ধু ছাত্র আর ছাত্রীর বন্ধবী ছাত্রী—এই বাস্তবতাকে মেনে চলতে হবে। বাহিরের কোনো নেতৃত্ব চাপিয়ে দিলে নতুন প্রজন্ম তা গ্রহণ করবে না। তাই জেলায় প্রত্যেক কলেজের নিয়মিত শিক্ষার্থীরাই ছাত্র নেতৃত্ব দিবে—এ প্রতিশ্রুতি ব্যক্ত করছি।

এ্যানি বলেন, “আমরা জেনারেশনের বাইরে কোনো চিন্তা করি না। ওরা আন্দোলন চেয়েছে, আমরা আন্দোলন করেছি। কিন্তু সম্মুখে ওরাই ছিল, শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে আমাদের মতো। কোনো ছাত্র সংগঠন তাদের রাস্তায় নামায়নি; অভিভাবকের হাত ধরে তারা নিজেরাই নেমেছে। হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ হলেও তারা পিছপা হয়নি। তারা নতুন চিন্তাধারায় বাংলাদেশ গড়তে চায়।”

দত্তপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূঁইয়া প্রমুখ।