দীর্ঘ চিকিৎসাজনিত অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন।
রোববার (২১ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর ছত্রচ্ছায়ায় থাকা ‘পতিত স্বৈরাচারের এজেন্টদের’ অতর্কিত হামলায় গুরুতর আহত হন নুরুল হক নুর। দীর্ঘ ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজ ও পরে একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকের পরামর্শে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত হয়।
দলটির পক্ষ থেকে বলা হয়, নুরুল হক নুরের অনিচ্ছা সত্ত্বেও চিকিৎসকের পরামর্শে তার পরিবার ও দলের সিদ্ধান্তে তাকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে। দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া চাওয়া হয়েছে।
গণঅধিকার পরিষদের নেতারা দেরিতে হলেও সরকার যে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিয়েছে তার প্রশংসা করেছেন। তবে বর্বরোচিত হামলার ২৪ দিন পার হলেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং তদন্ত কমিশনের প্রতিবেদন অগ্রগতি না হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন সুপরিচিত রাজনৈতিক নেতা ও দলীয় প্রধানের ওপর এ ধরনের আক্রমণ দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। নেতারা সরকারের প্রতি দ্রুত শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদবিরোধী জনতাকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গণঅধিকার পরিষদ।

