২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ট্যাক্স ও ভ্যাট প্রক্রিয়া সহজীকরণ, সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ স্বল্পমেয়াদি নয়, টেকসই ও দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ চায় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশের সম্ভাবনা অনেক। সরকার ব্যবসা ও বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ও আস্থার পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।
প্রধানমন্ত্রীর আশা, সরকার ও বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টায় বিনিয়োগ বাড়বে এবং ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।

ডেস্ক রিপোর্ট 





















