রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। বঙ্গভবন সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আগামীকাল শুক্রবার জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন।
রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা তথ্য প্রকাশিত হয়েছে। এর মধ্যে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, সরকারপক্ষ থেকে তাকে পদত্যাগের বিষয়ে মৌখিক বার্তা দেওয়া হয়েছে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ দাবি নাকচ করে বলেছেন, দলের পক্ষ থেকে এমন কোনো বার্তা দেওয়া হয়নি।
গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ঘিরে আলোচনা চলছিল। বিভিন্ন রাজনৈতিক দল তার অপসারণের দাবি তুললেও সে বিষয়ে ঐকমত্য হয়নি।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

ডেস্ক রিপোর্ট 






















