প্রচলিত প্রথা ভেঙে বিদায়বেলায় কেউ দিলেন বাড়ির গাছের লাউ, কেউ উপহার হিসেবে আনলেন হাঁস-মুরগি ও ডিম, অনেকে এনেছেন মৌসুমি ফল। এমন ব্যতিক্রমী উপহারের মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসেনকে বিদায় জানালেন থানা এলাকার স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় থানা প্রাঙ্গণে ওসিকে বিদায় এবং নবাগত ওসিকে স্বাগত জানাতে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা বয়সী নারী-পুরুষ অংশ নেন। ব্যতিক্রমী উপহারের মধ্য দিয়ে বিদায়ী ওসি আফজাল হোসেনের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন তারা।
অনুষ্ঠানে বিদায়ী ওসি মোহাম্মদ আফজাল হোসেনকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা। একই সঙ্গে নবাগত ওসি জেওএম তৌফিক আজমকেও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিদায়ী কর্মকর্তার সঙ্গে ছবি তোলা, কুশল বিনিময় ও পুরোনো স্মৃতি নিয়ে আলাপচারিতায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিদায়ী ওসির প্রতি স্থানীয়দের আন্তরিকতা ফুটে উঠেছে ব্যতিক্রমী উপহারের মাধ্যমে। কেউ বাড়ির গাছের লাউ, কেউ মৌসুমি ফল, আবার কেউ হাঁস-মুরগি নিয়ে আসেন। আনুষ্ঠানিকতার বাইরের এসব উপহার ছিল স্থানীয় মানুষের ব্যক্তিগত ভালোবাসা ও দীর্ঘদিনের সম্পর্কের বহিঃপ্রকাশ।
সংবর্ধনা শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে নতুন কর্মস্থলে রওনা দেন মোহাম্মদ আফজাল হোসেন। এ সময় থানার সামনে জড়ো হওয়া স্থানীয়রা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিদায়ী ওসির জন্য চরাঞ্চল থেকে নিজ গাছের জাম্বুরা নিয়ে এসেছেন হাবেজা খাতুন নামে এক নারী। তিনি বলেন, ‘স্যার চরের নিরাপত্তা দিছে। আমাগো বিপদে পাশে ছিল। আমি খুশি হইয়া লাইগা জাম্বুরা আনছি।
হাঁস নিয়ে আসা জমেলা বেগম নামে এক নারী বলেন, ‘ওসি স্যারে বিদায় অইয়া জাইতাছে। স্যারে অনেক ভালো আছিল। এ কারণে স্যাররে হাঁস আর মুরগি উপহার দিয়ে দিলাম।’
অন্যদিকে, নিজের গাছের লাউ নিয়ে আসা এক নারী বলেন, ‘উনি অনেক ভালো মানুষ। আমাগো বিপদে পাশে ছিল। আমি খুশি হইয়া স্যারের লাইগা আমার গাছের লাউ নিয়া আসছি।’
নবাগত ওসি জেওএম তৌফিক আজম বলেন, আমাদের বদলির চাকরি। আজ এখানে, কাল অন্যখানে। আমি আফজাল হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আগের ওসির মতো আমিও হরিরামপুরবাসীর কাছে সহযোগিতা চাই।
বিদায়ী ওসি আফজাল হোসেন বলেন, চাকরি ও বদলি একই সূত্রে গাঁথা। বিদায়বেলায় হরিরামপুরবাসী আমাকে যে ভালোবাসা ও সম্মান দিলেন, তা সত্যিই অকল্পনীয়। এ রকম বিদায় আমি আমার চাকরিজীবনে দেখি নাই। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি। সকলের কাছে দোয়া চাই। হরিরামপুরের মানুষের সঙ্গে তৈরি হওয়া এ সম্পর্ক ও স্মৃতি আমার সারাজীবন মনে থাকবে।
এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হরিরামপুর থানার নতুন ওসি হিসেবে জেওএম তৌফিক আজম দায়িত্ব গ্রহণ করেন। এর পরদিন আজ বিদায়ী ওসিকে আনুষ্ঠানিক বিদায় এবং নবাগত ওসিকে স্বাগত জানাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডেস্ক রিপোর্ট 


















