গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র পাঠান। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাতে বিকেল ৫টায় সংসদ ভবনে সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে।
পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন জানান, ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য রেখে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর সৃষ্ট সাংবিধানিক সংকট মোকাবিলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে ভূমিকা রাখার কথাও তিনি উল্লেখ করেন। তার দাবি, সেই সময় তার ইতিবাচক ভূমিকার কারণেই দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি।
তবে বর্তমানে শারীরিক অবস্থার অবনতির কারণে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পদত্যাগপত্রে তিনি জানান, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং অটোনমিক নিউরোপ্যাথি—এই পাঁচটি গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে। বিশেষ করে অটোনমিক নিউরোপ্যাথির কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন বলে উল্লেখ করেছেন।
এসব শারীরিক ও মানসিক সীমাবদ্ধতার কারণে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন আর সম্ভব নয় উল্লেখ করে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি পদত্যাগের ঘোষণা দেন।

