বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের জয়শ্রী এলাকায় যাত্রীবাহী দুই বাস এবং রিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং তিন যানবাহনের ১০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রিকশাচালক মোশারফ হোসেন (৬০) জয়শ্রী এলাকার বাসিন্দা।
আহতদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়।
একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মহাসড়কের জয়শ্রী সাজু পাম্পের সামনে ঢাকাগামী বিএমএফ পরিবহনের বাস ও বরিশালগামী সেবা নামের বাসের সংঘর্ষ হয়।
এ সময় বিএমএফ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশ দিয়ে যাওয়া রিকশাকে চাপা দেয়। এতে রিকশা চালক মোশারফ ঘটনাস্থলেই নিহত হন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানিয়েছেন, যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা চালককে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
আহতদের উদ্ধার করে বরিশাল ও উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বাস দুটি জব্দ করা হয়েছে। যাত্রীদের বিকল্প পরিবহনে গন্তব্য পাঠানো হয়।
বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেস্ক রিপোর্ট 


















