জাতীয় দলের নতুন কোচ নিয়োগে পেপ গার্দিওলার আগে কার্লো আনচেলত্তির সঙ্গে যোগাযোগ করেছিল ইতালি। বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি।
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হওয়ার পর গত এপ্রিলে জেন্নারো গাত্তুসো দায়িত্ব ছাড়লে কোচশূন্য হয়ে পড়ে ইতালি। এরপর নতুন কোচের সন্ধানে বিশ্বের শীর্ষ কোচদের সঙ্গে যোগাযোগ শুরু করে দেশটির ফুটবল ফেডারেশন।
পাওলো মালদিনি জানান, গার্দিওলার সঙ্গে আলোচনার আগে কার্লো আনচেলত্তির সঙ্গেও কথা বলেছিল ফেডারেশন। তার ভাষ্য, বিশ্বের সেরা কোচদের দিয়েই আলোচনা শুরু করা উচিত বলে মনে করেছিলেন তারা।
বর্তমানে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকা আনচেলত্তি ২০২৫ সালে সেলেসাওদের কোচ হন। পরে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।
এদিকে, ইতালির সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত হলেও পেপ গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি এফআইজিসি। ইতালিয়ান সংবাদমাধ্যমের দাবি, ম্যানচেস্টার সিটি ছাড়ার পর জাতীয় দলের দায়িত্ব নিতে গার্দিওলা বছরে ২ কোটি ইউরো পারিশ্রমিক চেয়েছেন, যা ইতালির প্রস্তাবের প্রায় দ্বিগুণ।
মালদিনি জানিয়েছেন, আলোচনা চলমান থাকায় এ মুহূর্তে নতুন কোনো তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে ফেডারেশনের লক্ষ্য, দলের জন্য সবচেয়ে উপযুক্ত কোচ নির্বাচন করা।
গার্দিওলার পাশাপাশি ইতালির কোচ হওয়ার দৌড়ে রয়েছেন আন্তোনিও কন্তে, রবার্তো মানচিনি ও আন্দ্রেয়া পিরলোর মতো সাবেক তারকারাও।

ডেস্ক রিপোর্ট 





















