গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন, একাধিক জটিল রোগে আক্রান্ত হওয়ায় রাষ্ট্রপতির দায়িত্ব পালন তার পক্ষে আর সম্ভব হচ্ছে না।
শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন জানান, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এর পাশাপাশি সম্প্রতি তার শরীরে অটোনমিক নিউরোপ্যাথি নামের একটি জটিল রোগ শনাক্ত হয়েছে। এই রোগে স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে তিনি মাঝে মাঝেই ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন। এছাড়া তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন রয়েছে।
পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর সৃষ্ট সাংবিধানিক সংকট মোকাবিলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে ভূমিকা রেখেছিলেন। তবে বর্তমান শারীরিক ও মানসিক সীমাবদ্ধতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব আর পালন করা সম্ভব নয় উল্লেখ করে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

ডেস্ক রিপোর্ট 





















