জাতীয় জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি বিরোধিতা করে জাতির সঙ্গে স্পষ্ট প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, কোনো আদুভাই, দাদুভাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানদের ওপর ছড়ি ঘুরাক, এটা আমরা মেনে নেবো না। মনে রাখবেন, জুলাই প্রতি বছরে আসে। আগামীর লড়াইয়ে জাতির প্রয়োজনে আমরা সামনের সারিতে থেকে যুদ্ধ চালিয়ে যাবো।
আজ শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা’ আয়োজিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আমির জামায়াত মন্তব্য করেন গণভোটের সত্তর শতাংশ রায় যেদিন বাস্তবায়িত হবে, সেদিন থেকেই এ দেশে চিরতরে ফ্যাসিবাদের কবর রচনা হবে।
বিএনপি নেতাদের উদ্দেশে জামায়াত আমির বলেন, এই বিপ্লবের কারণেই আপনারা বিদেশ থেকে স্বদেশে ফেরত আসতে পেরেছেন, নাহলে তো এটা কল্পনাও করতে পারতেন না। দেশের আইন–শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, থানার ভেতরে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলা ও সংসদ সদস্যের গাড়ি ভাঙচুর প্রমাণ করে দেশ কোন দিকে যাচ্ছে।
এ সময় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বীর বিক্রম বলেন, যদি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন না করেন, তাহলে ৬৪ জেলায় ৬৪টি সমাবেশ, মিছিল হবে। আপনি কয়টি সামলাবেন। ৬৪ জেলা থেকে আন্দোলন শুরু হলে সেটির সামাল দেওয়ার ক্ষমতা আপনাদের নেই। তাই অহঙ্কার করে ঘরে বসে থাকবেন না।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেন, যেই বিএনপির জন্ম হয়েছে গণভোটের মাধ্যমে, তারাই আজ গণভোটকে অস্বীকার করছে। কার্যত তারা নিজেদের অস্তিত্ব অস্বীকার করছে। বিএনপি আওয়ামী লীগ হয়ে ফেরার চেষ্টা করলে জনগণ রুখে দিবে। নাহিদ বলেন, নানারকম কার্ড দিয়ে তেল ফুরিয়ে ফেলছে বিএনপি। ইতিহাসে মাত্র দুই মাসে এতোটা অজনপ্রিয় হওয়ার মতো সরকার আগে ছিলো না। আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম। কিন্তু তারা সেই পরিবেশ রাখেনি।

ডেস্ক রিপোর্ট 

















