সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে গুরুত্ব দিচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী জানান, দেশে ইতোমধ্যে সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স ও অ্যাডভান্স প্যাকেজিং খাতে কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছে দেশের কয়েকটি প্রতিষ্ঠান।
তিনি আরও বলেন, নতুন বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামালের ওপর সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ডিজাইন সার্ভিস রপ্তানিতে প্রণোদনা এবং নতুন উদ্যোক্তাদের জন্য বছরে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদানের ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব নীতি, কর-সুবিধা ও বিশেষায়িত অবকাঠামো গড়ে তুলে বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে একটি শক্ত অবস্থানে নিয়ে যেতে কাজ করছে সরকার।
দুই দিনব্যাপী এই সামিটে দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, বিনিয়োগকারী, গবেষক ও উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। পাশাপাশি ‘বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬’-এ প্রদর্শিত হচ্ছে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও অন্যান্য ডিপ-টেক উদ্ভাবন।

ডেস্ক রিপোর্ট 






















