রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ঘটনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি
শনিবার (২৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন এবং একই ঘটনায় আহত দুইজনের দ্রুত সুস্থতা কামনা করেন।
পোস্টে ডা. শফিকুর রহমান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘গতরাতে রাজধানীর কাফরুলে সন্ত্রাসীদের গুলিতে যিনি নিহত হয়েছেন, তার ব্যাপারে একান্ত শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি একই ঘটনায় যে দুইজন আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
তিনি আরও বলেন, ‘প্রশাসনের প্রতি আহ্বান, খুনি ও দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। এ ধরনের হত্যাকাণ্ডে জনমনে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি হওয়াই স্বাভাবিক। ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন।’
উল্লেখ্য, রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হন। শুক্রবার (২৪ জুলাই) রাতে মিরপুর ১৩ নম্বরে এ ঘটনা ঘটে। গুলিতে আহত হয়েছেন দুজন। এ ঘটনার পর আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ডেস্ক রিপোর্ট 


















