নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে এক গোডাউনে ১৩ টন এমপি কার্টিজ (গুলির খোসা) মজুদ থাকার খবর পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শনিবার খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে নিয়ম মেনে নিলামের মাধ্যমে এই এমপি কার্টিজগুলো কিনে নেয় ‘মা বাবা কন্সট্রাকশন’। পরে প্রতিষ্ঠানটির মালিকের কাছ থেকে কার্টিজগুলো ক্রয় করেন আহম্মেদপুর বাজারের ‘শিহাব এক্সপোর্ট এন্ড ইমপোর্ট এজেন্সি’র মালিক শিহাব উদ্দিন। শুক্রবার রাতে ট্রাকে করে কার্টিজগুলো এনে তার বাড়ির গোডাউনে রাখা হয়। এরপর বিষয়টি জানা গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বৈধ কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে—এই এমপি কার্টিজগুলো আইন মেনে বিক্রি করা হয়েছে এবং কারখানায় পুনর্ব্যবহারযোগ্য উপকরণ হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে আনা হয়েছে। এতে কোনো আইনি জটিলতা নেই বলে নিশ্চিত করেন তিনি।