বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর হতাশা কাটাতে জুয়ার টেবিলে বসতে দেখা গিয়েছিল নেইমারকে। তবে, মাঠে নামতেও খুব বেশি সময় নিলেন না। সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান সিরি ‘আ’য় শনিবার মাঠে নামলেন তিনি। নেমেই সবার দৃষ্টি কেড়ে নিলেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।
সান্তোসের হয়ে করলেন জোড়া গোল। যার ফলে হার থেকে বাঁচলো সান্তোস। যদিও একই সঙ্গে বিতর্কিত গোল উদযাপন এবং তৃতীয় হলুদ কার্ড দেখে পরের ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছেন। রোববার (স্থানীয় সময়) ভিলা বেলমিরো স্টেডিয়ামে ব্রাজিলিয়ান লিগের দ্বিতীয় পর্বের শুরুতে তলানির দুই দল সান্তোস ও শাপেকোয়েন্সের ম্যাচ ২–২ গোলে ড্র হয়েছে। সান্তোসের হয়ে দুটি গোলই করেন নেইমার।
মাত্র ২০ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করলেন নেইমার। এর আগে নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব–১৬’র শেষ মুহূর্তে তার পেনাল্টি গোল এলেও ব্রাজিলের বিদায় এড়াতে পারেননি। এবার সেই একই দৃশ্য দেখা গেল সান্তোসের জার্সিতে। শেষদিকে তার পেনাল্টি গোলেই অন্তত এক পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে দলটি। ক্লাব বিশ্বকাপের পর এটাই ছিল নেইমারের প্রথম ম্যাচ, যেখানে তিনি শুরু থেকেই একাদশে ছিলেন। সাম্প্রতিক সময়ে ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন এই তারকা।
সমালোচকদের জবাবও দিলেন নিজের মতো করে। ম্যাচের ৩৬ মিনিটে বাররেয়ালের সঙ্গে ওয়ান–টু পাস খেলে বক্সে ঢুকে দারুণ ফিনিশে গোল করেন নেইমার। এরপর গোল উদযাপনে তাস বিলানোর ভঙ্গি করে নিজের পোকার বিতর্কেরই ইঙ্গিত দেন। তবে ম্যাচে নেইমারের সবকিছুই ইতিবাচক ছিল না। শাপেকোয়েন্সে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর পর দুই প্রতিপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। ধাক্কাধাক্কির ঘটনায় রেফারি তাকে হলুদ কার্ড দেখান। আগেই দুটি হলুদ কার্ড থাকায় এটি ছিল তার তৃতীয় হলুদ কার্ড। ফলে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না নেইমার।

ডেস্ক রিপোর্ট 























