প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশ সময় রাত ৯টা থেকে রাত ১টার মধ্যে তিনি বক্তব্য রাখবেন। ভাষণটি বিটিভি, বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
বাসস সূত্রে জানা গেছে, নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) অধিবেশন শুরু হবে এবং প্রধান উপদেষ্টা দিনের ১০ম বক্তা হিসেবে বক্তব্য দেবেন।
প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ড. ইউনূস গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি বিশ্ব সম্প্রদায়ের সামনে উপস্থাপন করবেন। পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের নেওয়া উদ্যোগও ভাষণে গুরুত্ব পাবে।
প্রেস সচিবের ভাষায়, ‘মূল বার্তাটি হবে— বিশ্ববাসীর কাছে প্রধান উপদেষ্টা তুলে ধরবেন যে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর।’

