প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বাস্থ্যসেবাকে কেবল অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। তিনি মনে করেন, এই খাতে মুনাফার দৃষ্টিভঙ্গি থাকায় প্রকৃত স্বাস্থ্যসেবা ব্যাহত হয়। বুধবার যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ‘উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশন : প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর-বাংলাদেশের পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ইউনূস বলেন, “ওষুধ ও স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। আমি বলছি না যে তারা খারাপ মানুষ। তবে কেবল তাদের ওপর ছেড়ে দেওয়া হলে মুনাফাই মুখ্য হয়ে ওঠে, স্বাস্থ্যসেবা নয়।”
কোভিড-১৯ মহামারির সময় টিকা বিতরণ ব্যবস্থার অসঙ্গতিও তিনি তুলে ধরেন। তার মতে, বিশ্বজুড়ে টিকার বণ্টন ছিল বড় ধরনের ব্যর্থতা, যেখানে মাত্র ১০টি দেশ উৎপাদিত টিকার প্রায় ৮০ শতাংশ নিজেদের দখলে রেখেছিল।
তিনি স্বাস্থ্য খাতে সামাজিক ব্যবসার ওপর জোর দিয়ে বলেন, স্বাস্থ্যসেবা খাতকে কেবল মুনাফার ব্যবসা হিসেবে নয়, বরং সামাজিক সমস্যা সমাধানের অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, এনসিপি নেতা ডা. তাসনিম জারা ও ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. আসিফ সালেহ উপস্থিত ছিলেন।

