কক্সবাজার মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) সম্প্রতি ছয় সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন হয়।
কমিটির সভাপতি হয়েছেন তাহমিদ আলম সফি, যিনি এর আগে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কক্সবাজার জেলা শাখার সমাজসেবা সম্পাদক ছিলেন এবং ছাত্রলীগের কর্মসূচিতেও অংশ নিয়েছেন বলে জানা গেছে। তবে সফির দাবি, তার পরিবারের রাজনৈতিক ঐতিহ্য বিএনপির সঙ্গে যুক্ত এবং তাকে জোরপূর্বক বঙ্গবন্ধু ছাত্র পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
এ কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল নাঈম তোহা, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজিদুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সাবিত তাবি, যুগ্ম সাধারণ সম্পাদক নাবিলা ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আলিফা ফারদিন। তথ্য যাচাইয়ে দেখা গেছে, কমিটির ছয় সদস্যের মধ্যে পাঁচজনই ইন্টার্নশিপের শেষ পর্যায়ে আছেন; কেবল সাবিত তাবি তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট কলেজ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে কক্সবাজার মেডিক্যাল কলেজে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারিদের রাজনৈতিক ও ক্লাব কার্যক্রম স্থগিত করা হয়। সেই নিষেধাজ্ঞার মধ্যেই ছাত্রদল কেন্দ্র থেকে এ কমিটি অনুমোদন দিয়েছে এবং আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছে।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান জানিয়েছেন, মেডিকেল কলেজের কমিটি কেন্দ্রীয় ছাত্রদলই পরিচালনা করে। তবে তাহমিদ সফিকে নিয়ে বিতর্ক থাকায় তিনি তাকে ফুল দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।
রাজনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে ছাত্রদলের নতুন কমিটি অনুমোদনকে ঘিরে কক্সবাজারে তুমুল আলোচনা চলছে।

