গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ভালোবাসা, সরলতা ও নিরপেক্ষতা বিশ্বে বিরল। তিনি মন্তব্য করেন, যদি ড. ইউনূস দ্বিতীয়বার নোবেল পুরস্কার পান, সেটিও হবে তার সরলতার কারণেই।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান লেখেন, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের সময় ড. ইউনূস দুই রাজনৈতিক প্রতিনিধিকে মঞ্চে তুলে বলেছিলেন, “these are the guys fighting on the street”। এ ঘটনায় অন্যদের প্রতি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলেও ইউনূসের সরলতাই বেশি চোখে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।
রাশেদ আরও জানান, উপদেষ্টারা মাঝে মাঝে ড. ইউনূসকে মনে করিয়ে দেন যে, সবাইকে সমানভাবে ভালোবাসা দেখানো দরকার; নইলে পক্ষপাতদুষ্টতার অভিযোগ উঠতে পারে। এসময় ড. ইউনূস সরল ভঙ্গিতে বলেন, “ও, তাই নাকি! ঠিকাছে, তাদেরকেও ডাকো।”
রাশেদ খানের ভাষায়, “স্যারের এই সরলতা বিশ্বে বিরল। তিনি যাকে ভালোবাসেন, সেটা লুকিয়ে না রেখে প্রকাশ করেন। এজন্যই তাকে কুটিল বুদ্ধির মানুষ বলা যায় না। আমরা সবাই তার জন্য দোয়া করি, তিনি যেন এই সরলতা ধরে রাখতে পারেন।”

