এবার সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করতে এবং শিক্ষার মানোন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রাথমিকভাবে কওমী মাদরাসা থেকে প্রায় ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেছেন, কওমী শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে পটিয়ার আল–জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসায় দাওয়াহ প্রশিক্ষণ ইনস্টিটিউটের নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনামুল হক এনাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রচলিত ধর্মীয় শিক্ষার পাশাপাশি কওমী শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান–বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে হবে। দেশের সামগ্রিক উন্নয়নে তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বর্তমান সরকারের কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপের কথা উল্লেখ করে তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে সরকার কারিগরি শিক্ষার প্রসার ঘটাচ্ছে। পটিয়ায় একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
মাদরাসার প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইবের সভাপতিত্বে অনুষ্ঠানে মীর গ্রুপের চেয়ারম্যান আবদুস ছালাম, শিল্পপতি শামসুল আলমসহ সালমা গ্রুপের চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি এবং যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কওমী শিক্ষার আধুনিকায়ন এবং ধর্মীয় শিক্ষার সাথে কারিগরি ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।

ডেস্ক রিপোর্ট 























