জাতীয় সংসদ ভবনের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন ও নতুন প্রযুক্তি সংযোজনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় বিশ্বের বিভিন্ন আধুনিক সাউন্ড সিস্টেম নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা সম্ভাব্য প্রযুক্তি, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি সংসদীয় অধিবেশন আরও কার্যকরভাবে পরিচালনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা হয়।

সভায় সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতারা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা অংশ নেন। উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংসদ সচিবালয় ও গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।