ক্ষমতায় গেলে মুসলিম বিশ্বের যাকাতের অর্থ বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, যাকাতকে আনুষ্ঠানিকভাবে আদায় ও ব্যবহারের মাধ্যমে তিন থেকে চার বছরের মধ্যেই বাংলাদেশ থেকে দারিদ্র্য বিমোচন সম্ভব।
শনিবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের (কোবা) উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
যাকাতের অর্থনৈতিক ব্যবহার প্রসঙ্গে উদাহরণ টেনে ড. তাহের বলেন, “একজন যুবককে যদি যাকাত থেকে পাঁচ লাখ টাকা দেওয়া হয় এবং সেই টাকায় ১০টি বাদামের কার্ট চালু করা হয়, তবে প্রতিদিন অন্তত ১০ জনের কর্মসংস্থান হবে। প্রতিটি কার্টে ২০ হাজার টাকা পুঁজি দিয়ে প্রতিদিন ৭০০–৮০০ টাকা আয় সম্ভব। ফলে মাস শেষে শুধু একজন পরিচালকেরই আয় হবে ৯০ হাজার টাকা।”
তিনি বলেন, এইভাবে যাকাতের টাকা দিয়ে ব্যাপক কর্মসংস্থান তৈরি করা যাবে এবং হাজার হাজার কোটি টাকার তহবিল গড়ে তোলা সম্ভব হবে।
তাহের এ সময় প্রবাসীদের অবদানের প্রশংসা করে বলেন, আন্দোলন-সংগ্রামে প্রবাসীরা যেভাবে মানুষকে উজ্জীবিত করেছেন, রক্ত দিয়েছেন, কলমে লড়েছেন ও জীবন দিয়েছেন— তাদের নাম ইতিহাসে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে লেখা থাকবে।

ডেস্ক রিপোর্ট 






















