বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বিশ্বের প্রভাবশালী নেতা ও নীতিনির্ধারকরা। শুক্রবার নিউ ইয়র্কের একটি হোটেল স্যুইটে অনুষ্ঠিত এক সভায় তারা বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিজামী গঞ্জাভি আন্তর্জাতিক কেন্দ্রের (এনজিআইসি) কো-চেয়ার ভাইরা ভিকে-ফ্রাইবারেগা। উচ্চপর্যায়ের এই প্রতিনিধিদলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুট পাহোর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিস তাদিচ, লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগিলস লেভিটস, ইউরোপীয় পরিষদের সাবেক প্রেসিডেন্ট ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিশেল, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপানড্রেউ, বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোজেন প্লেভনেলিভ ও পেটার স্টোয়ানভ, ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট আইভো জোসিপোভিচ, বসনিয়া ও হার্জেগোভিনার সাবেক প্রেসিডেন্ট ম্লাডেন ইভানিক এবং মৌরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনাহ গুরিব-ফাকিম।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন কমনওয়েলথের সাবেক সাধারণ সম্পাদক, জর্জিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী, জাতিসংঘ সাধারণ পরিষদের চার সাবেক প্রেসিডেন্ট, একাধিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বব্যাংকের সাবেক উপ-সভাপতি ও এনজিআইসি কো-চেয়ার ইসমাইল সেরাজেলদিন, রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি এবং আইএইএ ও জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটির প্রতিনিধিরা।

সভায় বক্তারা প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরেন। তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন।