বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচনের স্বার্থে তারা এখন চুপ থাকলেও সুষ্ঠু ও অবাধ নির্বাচন আদায়ের ক্ষমতা বিএনপির আছে। তিনি বলেন, “আমরা যদি এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারি, আমরা যদি হাসিনার বিরুদ্ধেও আন্দোলন করতে পারি—তাহলে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আদায় করাও আমাদের পক্ষে সম্ভব।”

শুক্রবার রাজধানীর লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজের মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠসংলগ্ন কেল্লার মোড় শ্মশান ঘাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা-৭ আসনের বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী পূজা কমিটির সঙ্গে মতবিনিময় সভা ও উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “যারা ভোটে জয়লাভ করবেন না, তাদের সংসদে আনার জন্য অন্য পদ্ধতির প্রয়োজন নেই। পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়, এখনও বুঝি না। কোনো কারণে যদি নির্বাচন না হয় তাহলে ফ্যাসিবাদই লাভবান হবে।”

বিএনপির সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে গয়েশ্বর আহ্বান জানান, আগে ধানের শীষে ভোট নিশ্চিত করতে। তিনি বলেন, আলাদা আলাদা করে ভোট চাইলে জনগণ বিভ্রান্ত হবে এবং কর্মীরা বিভক্ত হবে, যা পরে ঐক্যবদ্ধ করা কঠিন হয়ে পড়বে।

এ ছাড়া তিনি ষড়যন্ত্রকারীদের উদ্দেশে সতর্ক করে বলেন, সামনে দুর্গাপূজা, যেনো এই পূজাটিকে কেউ ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজে লাগাতে না পারে। “এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে আমাদের ১৭ বছরের আন্দোলন, যাদের আত্মত্যাগ—সবই বৃথা যাবে,” বলেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন প্রমুখ।