ভূমিকম্পসহ নানান প্রাকৃতিক দুর্যোগ মহান আল্লাহর পক্ষ থেকে এক প্রকার সতর্কবার্তা। এমন পরিস্থিতিতে একজন ঈমানদারের দায়িত্ব হলো আতঙ্কিত না হয়ে আল্লাহর দিকে ফিরে আসা, ক্ষমা প্রার্থনা করা এবং ধৈর্য ধারণ করা। মেঘের গর্জন, ঝড়-তুফান, শিলাবৃষ্টি—এসবই আল্লাহর অপার ক্ষমতা ও পরিপূর্ণ নিয়ন্ত্রণের নিদর্শন।
আল্লাহ তাআলা বলেন—
قُلۡ هُوَ الۡقَادِرُ عَلٰۤی اَنۡ یَّبۡعَثَ عَلَیۡكُمۡ عَذَابًا… (সুরা আন’আম: ৬৫)
‘বলুন—তিনি চাইলে উপর থেকে বা নিচ থেকে তোমাদের ওপর শাস্তি পাঠাতে পারেন…।’
আরো বলেছেন—
وَ مَا نُرۡسِلُ بِالۡاٰیٰتِ اِلَّا تَخۡوِیۡفًا (বনি ইসরাইল: ৫৯)
‘আমরা নিদর্শন পাঠাই ভয় দেখানোর জন্য।’
অতএব ভূমিকম্পসহ যেকোনো ভয়াবহ প্রাকৃতিক ঘটনা মানুষের জন্য একটি সতর্কতা—পাপ থেকে ফিরে আসা, তওবা করা এবং আল্লাহর দিকে ঝুঁকে যাওয়ার আহ্বান।
ভূমিকম্পের সময় পড়ার উপকারী দোয়া
যদিও ভূমিকম্পের জন্য রাসুলুল্লাহ (সা.) নির্দিষ্ট কোনো দোয়া বর্ণনা করেননি, তবে নিচের দোয়াগুলো যেকোনো বিপদে সর্বাধিক শক্তিশালী:
১. গুনাহ মাফ ও আল্লাহর গজব থেকে নাজাতের দোয়া
اللَّهُمَّ لَا تُؤَاخِذْنَا بِذُنُوبِنَا، وَلَا تُهْلِكْنَا بِغَضَبِكَ
অর্থ: হে আল্লাহ! আমাদের গুনাহের কারণে পাকড়াও করবেন না এবং তোমার গজবে আমাদের ধ্বংস করবেন না।
২. হজরত ইউনুস (আ.)-এর দোয়া
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
অর্থ: তুমি ছাড়া কোনো উপাস্য নেই; তুমি পবিত্র, আমি গুনাহগার।
৩. সর্বপ্রকার অনিষ্ট থেকে সুরক্ষার দোয়া
بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ…
অর্থ: আল্লাহর নামে—যাঁর নামের বরকতে আকাশ বা জমিনের কিছুই ক্ষতি করতে পারে না।
৪. অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে আশ্রয় চাওয়ার দোয়া
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ…
অর্থ: হে আল্লাহ! চাপা পড়ে, পড়ে গিয়ে, ডুবে কিংবা আগুনে পুড়ে মৃত্যুবরণ থেকে আপনার আশ্রয় চাই…।

ডেস্ক রিপোর্ট 
























