জীবিকার সন্ধানে সৌদি আরবে গিয়েছিলেন দুই ভাই। কিন্তু স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় নিভে যায় দুজনের জীবন। দেশে ফিরে শেষ ঠিকানা হলো পাশাপাশি দুটি কবর।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের দুই সহোদর ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজনকে মঙ্গলবার সকালে কামারহাট মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

পরিবার জানায়, সৌদি আরবের দাম্মামে দীর্ঘদিন ধরে খেজুরের ব্যবসা করতেন সজীব। চলতি বছরের শুরুতে ছোট ভাই সুজনও তার সঙ্গে যোগ দেন। গত ১৫ জুলাই রাতে খেজুরবোঝাই পিকআপে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক-লরির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ভাই।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সোমবার রাতে তাদের মরদেহ দেশে পৌঁছায়। শেষবারের মতো দুই ভাইকে দেখতে বাড়িতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। একসঙ্গে পরিবারের দুই উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে শোক ও অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে পরিবারের খোঁজখবর রাখা হচ্ছে।