বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দেশের মানুষ ‘ওয়ান ম্যান, ওয়ান ভোট’ পদ্ধতিতে অভ্যস্ত। প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। মানুষ শুধু কোনো দলকে ভোট দিয়ে সন্তুষ্ট হতে পারে না, তারা জানতে চায় কাকে ভোট দিচ্ছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খাগড়াছড়ির পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়ে ও সমতলে মানুষে মানুষে কোনো প্রভেদ থাকতে পারে না। বিএনপি জনগণের মধ্যে কোনো বৈষম্য বা বিভেদে বিশ্বাস করে না।
পূজা উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে মঈন খান বলেন, পূজার শিক্ষাই হচ্ছে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন সংগ্রাম। সুর ও অসুরের যুদ্ধে সবসময় অসুর পরাজিত হয় এবং সুর জয়লাভ করে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে হাজার বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান মিলেমিশে বসবাস করে আসছে। ভালোবাসাই এ দেশের মানুষের প্রধান বৈশিষ্ট্য। আবেগের জায়গায় ভালোবাসা প্রবল থাকায় শান্তিপূর্ণ সহাবস্থান অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।
নারায়ণগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান নারায়ণগঞ্জ আগের চেয়ে উন্নত হয়েছে। তবে কেবল বাহ্যিক উন্নয়ন যথেষ্ট নয়, মানসিক ও নৈতিক উন্নয়নও করতে হবে। মনকে পরিশুদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি শংকর কুমার, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

