জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধি- জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা জাতীয় নবম পেস্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, বাউফল উপজেলা শাখা।
বৃহস্পতিবার সকাল ১১টায় বাউফল উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি বাউফল উপজেলা শাখার সভাপতি শাহাবুদ্দিন মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল হক।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ন্যায্য দাবি নিয়ে অপেক্ষা করলেও এখনো জাতীয় নবম পেস্কেলের গেজেট প্রকাশ করা হয়নি। এতে করে সরকারি কর্মচারীরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। বর্তমান বাজারমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে অনেককে। কেউ কেউ প্রায় অনাহারে দিন পার করছেন বলেও বক্তারা অভিযোগ করেন।
তারা আরও বলেন, জ্বালানি উপদেষ্টার বক্তব্য সরকারি কর্মচারীদের জন্য হতাশাজনক ও অসম্মানজনক। এই বক্তব্য দ্রুত প্রত্যাহার করে কর্মচারীবান্ধব নীতি গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

ডেস্ক রিপোর্ট 

























