আগামী নভেম্বরেই নতুন পোশাক পরতে যাচ্ছেন দেশের পুলিশ সদস্যরা। নির্ধারিত হয়েছে পুলিশের নতুন পোশাকের রং—লোহার (আয়রন) ধূসর।

সূত্র জানায়, প্রথম পর্যায়ে মেট্রোপলিটন পুলিশের সদস্যরা নতুন এই পোশাক পরবেন। পরবর্তীতে সারাদেশের জেলা পুলিশ পর্যায়ক্রমে নতুন ইউনিফর্ম পাবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নির্বাচনের আগে সব নিরাপত্তা বাহিনী যেন নতুন ইউনিফর্ম পরিধান করতে পারে, সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

  • পুলিশের পোশাক: লোহার (আয়রন) রঙের
  • র‍্যাবের পোশাক: জলপাই (অলিভ) রঙের
  • আনসারের পোশাক: সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বরের মধ্যে রাজধানীতে নতুন পোশাক দেখা যাবে। ওই দিন থেকে ডিএমপি ও অন্যান্য মেট্রোপলিটন পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্ম পরা শুরু করবেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। জুলাই গণ-অভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যরাও নতুন ইউনিফর্মের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।