বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সেনাসদরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সামরিক সহযোগিতা ও নিরাপত্তা খাতের বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
সেনাবাহিনীর যাচাইকৃত ফেসবুক পেজে জানানো হয়, জেনারেল সাহির শামশাদ মির্জার নেতৃত্বে পাকিস্তানি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার এবং অফিসিয়াল পরিদর্শন সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন উভয়পক্ষ। আঞ্চলিক নিরাপত্তা জোরদার, সামরিক দক্ষতা বৃদ্ধি ও শান্তিরক্ষায় সহযোগিতা বাড়ানো নিয়েও মতবিনিময় করা হয়।
এর আগে গত শনিবার (২৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানি সামরিক বাহিনীর এই শীর্ষ কর্মকর্তা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা খাতের সহযোগিতা উন্নয়নে পাকিস্তানের আগ্রহ তুলে ধরেন জেনারেল মির্জা।
বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষাপট তুলে ধরে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিকভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা বলেন।
দুটি বৈঠকেই ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে নিয়মিত সংলাপ ও যৌথ কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন উভয়পক্ষ।

