জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ বহুল আলোচিত মামলার রায় দেবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে গত ১৪ মে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। পরে ২২ জুন রায়ের জন্য ৩০ জুন দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু বর্তমানে কারাগারে রয়েছেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় সম্পৃক্ততা, আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশ দেওয়া এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান হাসানুল হক ইনু। পরে ২০২৪ সালের ২৬ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। এরপর তদন্ত শেষে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার কার্যক্রম শুরু হয়।
এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ের দিকেই তাকিয়ে রয়েছে দেশের রাজনৈতিক অঙ্গন ও সংশ্লিষ্ট মহল।

ডেস্ক রিপোর্ট 
























