সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা মেনে চলতে দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তাই দেশের গণমাধ্যমে তার বক্তব্য সরাসরি প্রচার করা উচিত নয়।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকার দেশের কয়েকটি গণমাধ্যমে প্রচারের বিষয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা বলেন, কিছু গণমাধ্যম আদালতের নির্দেশনা অনুসরণ করছে না। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় প্রথমে গণমাধ্যমকে সতর্ক ও আহ্বান জানাচ্ছে। প্রয়োজন হলে বিষয়টি আনুষ্ঠানিকভাবেও জানানো হবে।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, সরকার এখনই কঠোর পদক্ষেপের পথে যাচ্ছে না। তবে আদালতের নির্দেশনা ও প্রচলিত আইনের প্রতি গণমাধ্যমের শ্রদ্ধাশীল থাকা উচিত।
তিনি আরও উল্লেখ করেন, বিদেশি গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে পারে। কিন্তু দেশে আদালতের নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় দেশীয় গণমাধ্যমে সেই বক্তব্য প্রচার করা সমীচীন নয়।

ডেস্ক রিপোর্ট 






















