লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা, কল্যাণ এবং স্বেচ্ছা প্রত্যাবাসনসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বৈঠক করেছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল এমাদ মোস্তফা আল-তরাবলুসি।
স্থানীয় সময় মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, বৈধ শ্রম অভিবাসন, আইনশৃঙ্খলা বাহিনীর পারস্পরিক সহযোগিতা এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও লিবিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশি কর্মীরা তাদের সততা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে দেশটির মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি অনিয়মিত অভিবাসন রোধ এবং বৈধ প্রক্রিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মীর লিবিয়ায় কর্মসংস্থানের আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত মো. হাবীব উল্লাহ লিবিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য দেশটির সরকারের সহযোগিতার প্রশংসা করেন এবং স্বেচ্ছা প্রত্যাবাসন কর্মসূচিতে বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়ায় কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে দেশে ফিরতে অপেক্ষমাণ বাংলাদেশি নাগরিকদের দ্রুত প্রত্যাবাসনে সহযোগিতা কামনা করেন।
জবাবে লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, স্বেচ্ছা প্রত্যাবাসন কর্মসূচিতে বাংলাদেশি নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বৈঠকে রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসন প্রতিরোধে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়, তথ্য বিনিময় এবং পারস্পরিক সফর বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করা এবং অপহরণ ও জিম্মি হওয়া বাংলাদেশিদের উদ্ধারে লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করতে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার বিষয়ে একমত হয়।

ডেস্ক রিপোর্ট 






















