হবিগঞ্জে কর্মসূচি ঘিরে উত্তেজনার পর এবার সিলেটের পথে যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতারা। মৌলভীবাজার থেকে রওনা হওয়ার আগে বিএনপি ও পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি দাবি করেন, শ্রীমঙ্গলের পথে তাদের গাড়িবহর আটকে দিতে পুলিশ ব্যারিকেড দেয় এবং পাঁচ ঘণ্টা সড়কে আটকে থাকতে হয়। তার অভিযোগ, বিএনপি আওয়ামী লীগের কায়দায় বালুভর্তি ট্রাক দিয়ে পথ অবরোধ করেছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য, বিএনপির কর্মীদের হামলায় এনসিপির এক কর্মী চোখ হারিয়েছেন। পাশাপাশি, ছাত্রদলের কর্মসূচির কথা উল্লেখ করে পুলিশ ১৪৪ ধারা জারি করায় হবিগঞ্জে তাদের নির্ধারিত কর্মসূচি পালন সম্ভব হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া, হবিগঞ্জে মামলা করতে যাওয়ার পথে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগও করেন এনসিপির এই নেতা।
উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় জেলায় উত্তেজনা তৈরি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এর পর শ্রীমঙ্গল ও বাহুবলের কামাইছড়ায় এনসিপি নেতাদের আটকে দেয় পুলিশ। পরে কামাইছড়া পুলিশ ক্যাম্প থেকেই তারা অনলাইনে মামলা দায়ের করেন।
হামলা ও হয়রানির প্রতিবাদ এবং পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা এখন সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেছেন। সেখানে তারা জুলাই পদযাত্রা ও জনসভায় অংশ নেবেন বলে জানিয়েছে দলটি।

ডেস্ক রিপোর্ট 
























