কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মো. জুবায়ের নামে ৩৪ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের ওই ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসার সদস্য ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন জানান, নিজ বসতঘর থেকে মসজিদের দিকে যাওয়ার সময় প্রতিবেশীর বাড়ির সামনে পৌঁছালে একদল সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রায় পাঁচ রাউন্ড গুলির পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা জুবায়েরকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসা ও আরএসওর অভ্যন্তরীণ বিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।