সমালোচনা করলে সরকার আমাদের চোখ ওপড়ে ফেলছে, এটাই তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের অংশ। যারা দেশের বাইরে ছিল তারা এসে এখন জুলুম করা শুরু করেছে৷ জিয়া-খালেদার পোস্টার টাঙিয়ে কোনো অন্যায় কাজ করতে দেব না- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে সিলেটের কানাইঘাটে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় নাহিদ ইসলাম বলেন, বিএনপি স্বৈরাচারের পথে হাঁটলে তাদের ক্ষমতায় থাকতে দেয়া হবে না। সংস্কার, বিচার দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে৷ আগামীর স্থানীয় নির্বাচনে আমরা কোনো ধরণের কারচুপি হতে দেব না।
এ সময় নাসিরুদ্দিন পাটোওয়ারি বলেন, বিএনপি এখন গুপ্ত। গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করি। পুলিশের সমালোচনা করে তিনি বলেন, পুলিশকে আমাদের প্রতি লেলিয়ে দেয়া হচ্ছে। বাংলাদেশের নতুন বাহিনী দা বাহিনী, এটা তারেক রহমানের বাহিনী। সকল সন্ত্রাসীকে মোকাবিলা করতে প্রস্তুত এনসিপি। যাদেরকে মুক্ত করলাম তারাই আমাদের ওপর হামলা করেন। এখনো যুদ্ধ বাকি আছে উল্লেখ করে তিনি বলেন, আমরা মাঠ ছাড়বো না। সংস্কার না হওয়া আমরা মাঠে আছি।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেট সার্কিট হাউসে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী অভিযোগ করেন, এনসিপির নেতৃবৃন্দকে মেরে ফেলার জন্য বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে পরিকল্পনা হয়েছে। তিনি বলেন, বিএনপি পুরো বাংলাদেশ সন্ত্রাসী কার্যক্রম করছে তারেক রহমানের নির্দেশে। আর সেই নির্দেশ বাস্তবায়ন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

ডেস্ক রিপোর্ট 


















