ফুটবলে ভয়ংকর ট্যাকলের শাস্তি সাধারণত লাল কার্ড বা কয়েক ম্যাচ নিষেধাজ্ঞা। তবে এবার সেই প্রচলিত নিয়ম ভেঙে নজিরবিহীন এক রায় দিয়েছে ব্রাজিলের ক্রীড়া আদালত। আহত প্রতিপক্ষ মাঠে ফিরতে না পারা পর্যন্ত ফাউল করা ফুটবলারও খেলতে পারবেন না।
এই ব্যতিক্রমী শাস্তি পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাসিওনালের ২২ বছর বয়সী ডিফেন্ডার ভিক্টর গ্যাব্রিয়েল। ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিসের রায়ে বলা হয়েছে, ক্রুজেইরোর ফরোয়ার্ড গ্যাব্রিয়েল পেক চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে অনুশীলনে না ফেরা পর্যন্ত ভিক্টর গ্যাব্রিয়েল সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল থেকে নিষিদ্ধ থাকবেন। তবে এই নিষেধাজ্ঞার সর্বোচ্চ মেয়াদ হবে ১৮০ দিন।
ঘটনাটি ঘটে ২২ জুলাই ব্রাজিলিয়ান সিরি ‘এ’ লিগের ক্রুজেইরো ও ইন্টারন্যাসিওনালের ম্যাচে। ভিক্টর গ্যাব্রিয়েলের শক্ত ট্যাকলে পেকের বাঁ পায়ের টিবিয়া ভেঙে যায়। সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গ্যাব্রিয়েল। পরে অস্ত্রোপচার করতে হয় পেককে। চিকিৎসকদের ধারণা, মাঠে ফিরতে তার তিন থেকে চার মাস সময় লাগতে পারে।
শুনানিতে ভিক্টর গ্যাব্রিয়েল বলেন, প্রতিপক্ষকে আঘাত করার কোনো ইচ্ছা তার ছিল না। ভেজা মাঠে বলে ট্যাকল করার পর পা সরিয়ে নিতে না পারায় দুর্ঘটনাটি ঘটে। তিনি পেকের দ্রুত সুস্থতা কামনা করে ক্ষমাও চান।
যদিও মামলার র্যাপোর্টেয়ার সর্বোচ্চ ছয় ম্যাচ নিষেধাজ্ঞার সুপারিশ করেছিলেন, আদালতের অন্য সদস্যরা গুরুতর চোটের বিষয়টি বিবেচনায় নিয়ে ভিন্ন সিদ্ধান্ত দেন। তাদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত রায়ে আহত ফুটবলারের সুস্থতার সঙ্গে নিষেধাজ্ঞার মেয়াদ যুক্ত করা হয়।
ব্রাজিলের ফুটবলে এই রায়কে ব্যতিক্রমী ও নজিরবিহীন সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। কারণ, ভবিষ্যতে গুরুতর ফাউলের ঘটনায় শাস্তি নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।

ডেস্ক রিপোর্ট 























