গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন। সারজিস আলম লিখেন, “ফ্যাসিস্টবিরোধী লড়াইয়ের মাধ্যমে হাসিনা পতন আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নূর ভাইয়ের উপর সেনাবাহিনীর এ বর্বর রক্তাক্ত হামলাকে আমি স্বাভাবিক হামলা হিসেবে দেখি না। আর্মি কখনো ওপরের নির্দেশ ছাড়া একটা পা-ও ফেলে না। সেনাবাহিনীর মধ্যকার কার নির্দেশে নূর ভাইকে রক্তাক্ত করা হলো, এ জবাব সেনাপ্রধানকে দিতে হবে।”

তিনি আরও দাবি করেন, সেনাবাহিনীর ভেতরে কারা একটি রাজনৈতিক দলকে রক্ষার মিশনে নেমেছে তা খুঁজে বের করতে হবে। পাশাপাশি পুলিশের ভেতরে থাকা আওয়ামী দালালদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই সেনাবাহিনী ও পুলিশ অবশ্যই নুরুল হক নুরকে ভালো করে চেনে। তারপরও প্ল্যান করে তাকে রক্তাক্ত করা হয়েছে। যারা পেছন থেকে কালো হাতের খেলা খেলার চেষ্টা করছে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে।”