ব্যাংক হিসাব তলবের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় তিনি সরকারের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন তোলেন এবং তার ব্যাংক হিসাবের তথ্য তলব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
আজ বুধবার রাত ৯টার দিকে দেয়া ভিডিও বার্তায় সালমান মুক্তাদির বলেন, ‘আমি যখন ভুক্তভোগী হিসেবে প্রশ্ন করলাম, তখন কেন আপনার (সরকার) ব্যাংক হিসাব তলব করার কথা মনে হলো? অবশ্যই, যা করবেন করেন। সবকিছু ঠিকঠাক আছে।’
এর আগে বুধবার দেশের বিভিন্ন ব্যাংকে ই-মেইল পাঠিয়ে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ই-মেইলে তার হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণীসহ প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে।
ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার প্রসঙ্গে সালমান মুক্তাদির আরও বলেন, ‘চুক্তিপত্র লাগবে দিলাম। লেটার লাগবে দিলাম। ট্রানজেকশন লাগবে দিলাম। এগ্রিমেন্ট লাগবে দিলাম। অংশীদারিত্ব লাগবে দিলাম। তারপর আর কী করবেন?’
মামলার প্রসঙ্গও তোলেন তিনি। সালমান বলেন, ‘মামলা কী ফেসবুকে এসে দেব? মামলা তো বহুত হয়েছে। কয়টা সামলেছেন আপনারা?’
সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা তার কার্যালয়ে ঢ়ুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর রাতেই একটি ভিডিও বার্তা দেন সালমান মুক্তাদির। সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে বলেন, ‘আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’

ডেস্ক রিপোর্ট 


















