সিরাজগঞ্জের রায়গঞ্জে চাকরি জীবনের শেষ কর্মদিবসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মো. ফজলুল করিম (৬০) নামে এক শিক্ষক। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে হার্ট অ্যাটাক করে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন জানান, আসরের নামাজের আগে অজু করতে ওয়াশরুমে যান ফজলুল করিম। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেলাল হোসেন বলেন, “ফজলুল করিম ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। চাকরির শেষ দিনে এমন মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। শিক্ষা পরিবার একজন আদর্শ শিক্ষককে হারালো।”
রায়গঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, “তিনি ছিলেন অত্যন্ত সৎ, নম্র ও দায়িত্বশীল শিক্ষক।”
শেষ কর্মদিবসে নিজ বিদ্যালয়ে এমন মৃত্যুর ঘটনায় সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফজলুল করিমের বাড়ি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশি ইউনিয়নের মীরের দেয়ালমুরা গ্রামে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
রায়গঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

