রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে একটি গোপন ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। এ সময় বিপুল পরিমাণ প্রস্তুত ইয়াবা, মাদক তৈরির কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে চক্রটির চার সক্রিয় সদস্যকে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই আস্তানায় কৃত্রিম উপায়ে ইয়াবা তৈরি করে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল।
অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদক তৈরির বিভিন্ন যন্ত্রপাতি, রাসায়নিক কাঁচামাল এবং বিপুল পরিমাণ প্রস্তুত ইয়াবা জব্দ করেন। একই সঙ্গে কারখানাটি পরিচালনার সঙ্গে জড়িত চারজনকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনার বিস্তারিত জানাতে শুক্রবার দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযানের সার্বিক তথ্য, উদ্ধার হওয়া আলামত এবং আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন র্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।

ডেস্ক রিপোর্ট 
























