জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ কর্মসূচি এবং সমাবেশ সফল করার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন জোটের নেতারা।
নেতারা জানান, আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হবে এই মহাসমাবেশ। কর্মসূচি সফল করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগের নিন্দা জানানো হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান জোটের নেতারা।
১০ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
জোটের নেতারা জানান, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি নিয়ে আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট 

























