এবার আকস্মিক নারায়ণগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল কার্যালয় পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এসময় কর্মকর্তা–কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না হওয়া এবং আগেই হাজিরা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
আজ সোমবার (৩১ আগস্ট) সকালে খানপুর এলাকায় অবস্থিত কার্যালয় দুটিতে যান তিনি। এ সময় ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সেবার মান, নথিপত্র সংরক্ষণ ও দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী। পরে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, জনগণ দেশের প্রকৃত মালিক এবং তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা–কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।
অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার কথাও তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনকালে তিনি প্রয়োজনীয় তথ্য নিয়েছেন জানিয়ে বলেন, অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবায় কর্মকর্তা–কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।

ডেস্ক রিপোর্ট 






















