প্লাস্টিক সার্জনদের দায়বদ্ধতা নিয়ে নতুন একটি বিচারিক নীতি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফেডারেল সুপ্রিম কোর্ট। আদালত রায়ে স্পষ্ট করেছে, সৌন্দর্য্যবর্ধক অস্ত্রোপচার যেহেতু জরুরি চিকিৎসা নয়, তাই এ ধরনের অস্ত্রোপচারে যে কোনো গাফিলতির দায় এড়াতে পারবেন না চিকিৎসক।
এই রায় এসেছে এক তরুণীর মৃত্যুর ঘটনার পর। ওই তরুণী শরীরের গড়ন পরিবর্তনের জন্য এমন স্পর্শকাতর অস্ত্রোপচার করান, কিন্তু চিকিৎসক সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে ব্যর্থ হন এবং চিকিৎসা সম্পর্কিত নীতিমালা ও স্বীকৃত মানদণ্ড থেকে বিচ্যুত হন। এর ফলেই তার মৃত্যু হয়। খবর খালিজ টাইমসের।
আদালতের নতুন রায়ে বলা হয়েছে- অস্ত্রোপচারের সম্ভাব্য ঝুঁকি যদি এর প্রত্যাশিত সুফলের তুলনায় বেশি হয়, তবে রোগীর সম্মতি থাকলেও চিকিৎসক অপারেশন করতে পারবেন না।
এছাড়া, চিকিৎসক যদি এমন কোনো পদ্ধতি প্রয়োগ করেন যার ঝুঁকি রোগীর প্রত্যাশিত সুফলের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ হয়, তবে তিনি দোষী হিসেবে গণ্য হবেন- যদি না প্রমাণিত হয় যে তার ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি এবং ক্ষতির মধ্যে সম্পর্ক নেই।
এই গুরুত্বপূর্ণ রায়টি দিয়েছে আদালতের প্রশাসনিক চেম্বার। এতে সভাপতিত্ব করেন বিচারপতি মোহাম্মদ আবদুর রহমান আল জাররাহ এবং সঙ্গে ছিলেন বিচারপতি দাউদ ইব্রাহিম আবু আল শাওয়ারেব ও ড. হাসান মোহাম্মদ হাসান হিন্দ। এ রায়টি দেয়া হয় গত ১ সেপ্টেম্বর, আপিল নং ৭২২ অব অ্যাডমিনিস্ট্রেটিভ মামলায়।

ডেস্ক রিপোর্ট 





















