বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়েছে, গাঁজা-মদের আড্ডা বন্ধ হয়েছে, ডালের ঘনত্ব বেড়েছে।”
তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির পরপর চারটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট লাভ করেছে। এটি প্রমাণ করেছে—ছাত্রশিবির শুধু একটি সংগঠন নয়, বরং সমগ্র দেশের ছাত্র-সমাজের প্রতিনিধিত্ব করছে।
শুক্রবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহের আরও বলেন, “তরুণ ছাত্র-ছাত্রীরা একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও ৪ কোটি তরুণ ভোটার সেই ধারাবাহিকতায় বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের জন্য আদর্শবাদী দলগুলোকে বিজয়ী করবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী নির্বাচনে আরেকটি মিরাকল হতে পারে। ইনশাআল্লাহ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জয়ের যে প্রতিফলন দেখা যাচ্ছে, তা জাতীয় পর্যায়েও দেখা যাবে—আমরা দৃঢ়ভাবে তা বিশ্বাস করি।”
ছাত্র সংসদের নেতাদের উদ্দেশে তিনি বলেন, “জুলাই বিপ্লব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের বিনিময়ে হয়েছে, সারাদেশ তাদের সঙ্গে ছিল। আপনাদের সংগ্রাম ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। তবে সংগ্রাম এখানেই শেষ নয়—দেশের দুর্নীতিকে সাগরে ফেলে দিতে হবে, আর এই লড়াইয়ে আপনারা অগ্রণী ভূমিকা রাখবেন।”

ডেস্ক রিপোর্ট 
























