রাফীদ আদ দ্বীন রাঈম, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট খোলার উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় ছাত্রশক্তি। শিক্ষার্থীদের ব্যাংকিং সুবিধার আওতায় আনতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্যোগটির আওতায় শিক্ষার্থীরা কোনো ধরনের ফি ছাড়াই সহজ প্রক্রিয়ায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন। এ জন্য আবেদনকারীকে অ্যাকাউন্টধারীর দুই কপি ছবি, নমিনির দুই কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র (NID) বা স্টুডেন্ট আইডির কপি জমা দিতে হচ্ছে।
গত ২২ এপ্রিল (বুধবার) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, বিশেষ বৃত্তি পাওয়ার জন্য সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যাংক-সংক্রান্ত সকল তথ্য ২৩/০৪/২০২৬ থেকে ৩০/০৪/২০২৬ তারিখের মধ্যে নির্ভুলভাবে জমা দিতে হবে। এ লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করেছে জাতীয় ছাত্রশক্তি।
সংগঠনের আহ্বায়ক ফয়সাল মুরাদ জানান, সম্পূরক বৃত্তি পাওয়ার লক্ষ্যে শিক্ষার্থীরা যাতে নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে ব্যাংক-সংক্রান্ত সকল তথ্য প্রদান করতে পারে, সে উদ্দেশ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে আমাদের বুথ থেকে ৩৫০ জনেরও অধিক শিক্ষার্থী সেবা গ্রহণ করেছে। এছাড়া আগামী রবিবার ও সোমবার পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, শিক্ষার্থীদের আর্থিক লেনদেন সহজ করা এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি চালু করা হয়েছে। ইতোমধ্যে অনেক শিক্ষার্থী এই সুবিধা গ্রহণ করেছেন এবং এর প্রতি আগ্রহ বাড়ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে ব্যাংকিং কার্যক্রমে তাদের অংশগ্রহণ আরও সহজ করবে।

ডেস্ক রিপোর্ট 




















