ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী-র দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে একটি পোস্ট দিয়েছেন শরিয়াহভিত্তিক আইডিয়াল ম্যারেজ ব্যুরো ও কনসালটেন্টের প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী।
বুধবার (৬ মে) দুপুরের পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি রফিকুল ইসলাম মাদানীর সঙ্গে তার পারিবারিক সম্পর্কের জটিল ব্যাখ্যা তুলে ধরেন।
পোস্টে তিনি লিখেছেন, বিষয়টি অনেকের কাছে জটিল মনে হওয়ায় তিনি ব্যাখ্যা দিচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী, হাফেজ ইমাম উদ্দিন তার বড় চাচার জামাই হওয়ায় তিনি তার দুলাভাই। পরে সেই ব্যক্তির দ্বিতীয় স্ত্রীর মেয়েকে বিয়ে করায় তিনি তার শ্বশুরে পরিণত হন। পাশাপাশি পারিবারিক অন্য সম্পর্কগুলোর মাধ্যমে আরও আত্মীয়তার যোগসূত্র তৈরি হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফেজ ইমাম উদ্দিনের চতুর্থ স্ত্রীর ছোট বোনকে বিয়ে করেছেন। সে হিসেবে তাদের মধ্যে ভায়রা ভাইয়ের সম্পর্ক তৈরি হয়েছে। এ প্রসঙ্গে কাসেমী বলেন, “শ্বশুরের ভায়রা ভাই শ্বশুরই তো হবে”—এভাবেই তিনি সম্পর্কটি ব্যাখ্যা করেন।
উল্লেখ্য, বিভিন্ন সূত্র অনুযায়ী, মুফতি মামুনুর রশিদ কাসেমী একাধিক বিয়ে করেছেন। ২০২৩ সালের নভেম্বর মাসে নারীদের সঙ্গে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে তাকে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তিনি মোট ৯টি বিয়ে করেছেন; বর্তমানে তার চারজন স্ত্রী রয়েছেন। এছাড়া, তিনজন তাকে তালাক দিয়েছেন এবং বাকি দুজন সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 
























